
মুম্বই, ২২ জুলাই (হি.স.): অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে বৃদ্ধির জেরে বুধবার ভারতীয় শেয়ার বাজারে পতন ঘটল। একই দিনে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি— উভয়ই হ্রাস পেয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে টানা তিন দিন পতনের মুখ দেখল ভারতীয় শেয়ার বাজার। বুধবার লেনদেনের শেষে সেনসেক্স ৭১৫.০৬ পয়েন্ট কমে ৭৬,৭৫৫.০৫ পয়েন্টে থিতু হয়। অন্যদিকে, নিফটি ৫০ সূচকটি ১৯১.৪৫ পয়েন্ট কমে ২৩,৯৯৬.২৫ পয়েন্টে পৌঁছেছে।
অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার প্রভাবে বিশ্বজুড়ে মার্কিন ডলারের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রার ওপর। বুধবার দৈনিক লেনদেন শেষে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম ৩৪ পয়সা কমেছে। ফলে আপাতত ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ভারতীয় অর্থে ৯৬.৫৯ টাকা। মুদ্রাবাজারে টাকার এই ধারাবাহিক পতন দেশের সার্বিক আমদানি খরচ আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশেষজ্ঞরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ