
কলকাতা, ২৩ জুলাই (হি,. স.) :
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার পরিবেশ বান্ধব উদ্যোগের কথা ঘোষণা করলেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতার চিনার পার্কে সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যের বিভিন্ন মন্দিরে প্রতিদিন পুজোয় ব্যবহৃত বিপুল পরিমাণ ফুল-মালা আর ফেলে না দিয়ে তা সংগ্রহ করে ধূপকাঠি ও আবির তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁর কথায়, পুজোর পর ব্যবহৃত ফুল নদী, পুকুর বা আবর্জনার স্তূপে ফেলে দেওয়ার ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। সেই দূষণ কমাতেই এই পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রীর দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন পরিবেশ রক্ষা সম্ভব হবে, অন্য দিকে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হতে পারে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী দুধ কুমার মণ্ডল-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের সাধারণ সম্পাদক বুদ্ধপ্রিয় মহাথেরো বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, মূল্যবোধ ও দেশভাবনাকে সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তাঁর আহ্বান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন ও ভাবনাকে বাস্তবে রূপ দিতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত