
মুম্বই,২৩ জুলাই (হি. স.): অভিনেতা সানি দেওলের বহু প্রতীক্ষিত ঐতিহাসিক ড্রামা চলচ্চিত্র, পার্টিশন ১৯৪৭, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে কোনও কাটছাঁট ছাড়াই অনুমোদন পেয়েছে। আমির খান প্রোডাকশনসের ব্যানারে প্রযোজিত এবং রাজকুমার সন্তোষী পরিচালিত এই চলচ্চিত্রটি কোনও পরিবর্তন ছাড়াই বোর্ড কর্তৃক ছাড়পত্র পেয়েছে। এর ফলে, চলচ্চিত্রটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত।
জানা গেছে , চলচ্চিত্রটির প্রেক্ষাপট ভারত-পাকিস্তান বিভাজন। এতে লাহোরের একটি মুসলিম পরিবারের গল্প তুলে ধরা হয়েছে, যারা এমন একজন হিন্দু মহিলার মুখোমুখি হয় যিনি তাঁর পৈতৃক বাড়ি ছাড়তে রাজি নন। চলচ্চিত্রটিতে বিভাজন যুগের আবেগ এবং মানবিক সম্পর্কগুলো স্পষ্টভাবে চিত্রিত হয়েছে।
এই চলচ্চিত্রে সানি দেওলের পাশাপাশি প্রধান চরিত্রে দেখা যাবে প্রীতি জিনতাকে। পাঁচ বছরেরও বেশি সময় পর বড় পর্দায় ফিরছেন প্রীতি। চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শাবানা আজমি, আলি ফজল, করণ দেওল, অভিমন্যু সিং, খুশি হাজারে এবং কণিকা কাপুর। সঙ্গীত পরিচালনা করেছেন এ. আর. রহমান এবং গানের কথা লিখেছেন জাভেদ আখতার। মুক্তির পর, পার্টিশন ১৯৪৭ বক্স অফিসে ইমরান হাশমির আওয়ারাঁপন ২-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন