
ঝাড়গ্রাম, ২৫ জুলাই (হি. স.): বাড়ির কুয়োয় পড়ে যাওয়া একটি ছাগলছানাকে উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বড়খাঁকড়ি গ্রাম পঞ্চায়েতের বিরিবাড়িয়া গ্রামে। মৃত যুবকের নাম জয়রাম কিস্কু (৩৫)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে জয়রাম কিস্কুর বাড়ির কুয়োয় একটি ছাগলছানা পড়ে যায়। সেটিকে উদ্ধার করতে নিজেই কুয়োয় নামেন জয়রাম। কিছুটা নীচে নামার পর আচমকাই অসুস্থ হয়ে তিনি কুয়োর জলে পড়ে যান এবং তলিয়ে যান বলে জানা গিয়েছে।বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর জয়রাম কিস্কুকে কুয়ো থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।পুলিশের প্রাথমিক অনুমান, কুয়োর ভিতরে অক্সিজেনের ঘাটতি অথবা বিষাক্ত গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো