ফ্রান্স ও স্পেনে দাবানলে দুই লক্ষেরও বেশি মানুষ ঘর ছাড়া
প্যারিস/মাদ্রিদ, ২৫ জুলাই (হি.স.): ফ্রান্স এবং স্পেনে দাবানলের তীব্র ভয়াবহতার কারণে উভয় দেশে দুই লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং স্পেনের রাজধানী মাদ্রিদের আশেপাশের এলাকাগুলিতে পরিস্থিতি সব
ফ্রান্স ও স্পেনে দাবানলে


প্যারিস/মাদ্রিদ, ২৫ জুলাই (হি.স.): ফ্রান্স এবং স্পেনে দাবানলের তীব্র ভয়াবহতার কারণে উভয় দেশে দুই লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং স্পেনের রাজধানী মাদ্রিদের আশেপাশের এলাকাগুলিতে পরিস্থিতি সবচেয়ে গুরুতর আকার ধারণ করেছে। ক্রমবর্ধমান বিপদ বিবেচনা করে স্পেন প্রথমবারের মতো দাবানল নিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে, অন্যদিকে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাকরোঁ সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

ফরাসি টেলিভিশন নেটওয়ার্ক 'ফ্রান্স ২৪'-এর প্রতিবেদন অনুযায়ী, আটলান্টিক উপকূলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্যাপ ফেরাট উপদ্বীপ পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ গাড়ি ও নৌকায় করে নিরাপদ স্থানে রওনা হন। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে আগুন দ্রুত বর্দো শহর ও আশেপাশের গ্রামগুলির দিকে ছড়িয়ে পড়ছে।

স্পেনে মাদ্রিদের উপকণ্ঠে একাধিক বনভূমির আগুন একে অপরের সঙ্গে মিশে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। আঞ্চলিক প্রশাসনের সূত্রে জানা গেছে, পাঁচটি পরিচর্যা কেন্দ্র (কেয়ার সেন্টার) থেকে ৪৩০ জনেরও বেশি প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। সবচেয়ে বড় উদ্ধার অভিযানটি চালানো হয়েছে সান মার্টিন দে ভালদেইগলেসিয়াস অঞ্চলে।

স্পেনের আঞ্চলিক নেত্রী ইসাবেল দিয়াজ আয়ুসো এটিকে এই অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে বর্ণনা করেছেন। আধিকারিকদের মতে, প্রবল বাতাস, প্রচণ্ড তাপমাত্রা এবং বাতাসে আর্দ্রতার অভাব আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জরুরি পরিষেবা ব্যবস্থার ওপর ক্রমবর্ধমান চাপ বাড়ায় উভয় দেশই ইউরোপীয় ইউনিয়নের কাছে অতিরিক্ত সহায়তার আর্জি জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ক্রমাগত তীব্র দাবদাহ ও জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে দাবানলের ঘটনাগুলি পূর্বের তুলনায় অনেক বেশি গুরুতর ও ধ্বংসাত্মক আকার নিচ্ছে।

স্পেনের গুয়াদালাহারা প্রদেশে সবচেয়ে বড় সক্রিয় দাবানলটি এখনও অব্যাহত রয়েছে, যেখানে গত এক সপ্তাহে প্রায় ৩২,০০০ হেক্টর জমি পুড়ে ছাই হয়ে গেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, এই সংকট মোকাবিলায় সরকার সম্ভাব্য সমস্ত সংস্থান ও সম্পদ ব্যবহার করছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande