
আরামবাগ , ২৫ জুলাই (হি.স.): টানা বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলের তোড়ে শনিবার খানাকুল-১ ব্লকের মুণ্ডেশ্বরী নদীর ওপর নির্মিত একের পর এক বাঁশের সেতু ভেঙে পড়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে জগন্নাথপুর, দুর্গাপুর-সহ একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা।
জগন্নাথপুর, সারদা, কাবিলপুর, কুরকুরি-সহ বিভিন্ন এলাকার বাঁশের সেতুগুলি প্রবল স্রোতে ভেসে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। নিত্যপ্রয়োজনীয় কাজ, চিকিৎসা, শিক্ষা এবং বাজারে যাতায়াত—সব ক্ষেত্রেই চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
তবে জগন্নাথপুর এলাকায় নৌকা চলাচল শুরু হওয়ায় কিছুটা হলেও যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে। তবুও নদী পারাপারে ঝুঁকি ও দুর্ভোগ রয়ে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে মুণ্ডেশ্বরী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখনও পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। প্রতি বর্ষাতেই বাঁশের সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে।
অবসরপ্রাপ্ত শিক্ষক গঙ্গাধর জানা জানান, নতুন সরকারের কাছে ফের লিখিত আবেদন জানানো হবে। তাঁর আশা, এবার স্থায়ী সেতু নির্মাণে উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং হাজার হাজার মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA