অক্সিলিয়ামে মেধার মঞ্চ, ছাত্রীদের সৃজনশীল প্রদর্শনীতে প্রশংসার জোয়ার
আগরতলা, ২৫ জুলাই (হি.স.) : ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে শনিবার অক্সিলিয়াম গার্লস স্কুলে আয়োজিত হল ‘আউক্সি ইগনিট অ্যানুয়াল এক্সিবিশন–২০২৬’। বিদ্যালয়ের এই বার্ষিক
অক্সিলিয়াম স্কুল


আগরতলা, ২৫ জুলাই (হি.স.) : ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে শনিবার অক্সিলিয়াম গার্লস স্কুলে আয়োজিত হল ‘আউক্সি ইগনিট অ্যানুয়াল এক্সিবিশন–২০২৬’। বিদ্যালয়ের এই বার্ষিক প্রদর্শনীতে ছাত্রীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক, শিক্ষামূলক ও সৃজনশীল প্রকল্প দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিএস আধিকারিক অবলা রমেশ রেড্ডি। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিশিষ্ট অতিথি ও বিপুল সংখ্যক ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের প্রস্তুত করা প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং প্রতিটি প্রকল্প সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পরিবেশ সংরক্ষণ, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য সচেতনতা, সামাজিক উন্নয়ন, রোবোটিক্স, উদ্ভাবনী মডেলসহ বিভিন্ন বিষয়ে ছাত্রীদের উপস্থাপনা তাঁর প্রশংসা কুড়ায়।

প্রদর্শনী পরিদর্শনের পর আইপিএস আধিকারিক অবলা রমেশ রেড্ডি বলেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন কিছু শেখার ও উদ্ভাবনের আগ্রহ বাড়ায়। পাঠ্যপুস্তকের গণ্ডি ছাড়িয়ে বাস্তবমুখী শিক্ষা অর্জনের সুযোগ তৈরি করে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এই ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, ত্রিপুরার মেয়েরা আজ আর কোনও ক্ষেত্রেই পিছিয়ে নেই। শিক্ষা, বিজ্ঞান, প্রশাসন, খেলাধুলা কিংবা সংস্কৃতি—সব ক্ষেত্রেই তাঁরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। আজকের এই প্রদর্শনী সেই আত্মবিশ্বাস ও মেধারই উজ্জ্বল প্রতিফলন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রতিবছরের মতো এবারও ছাত্রীরা নিজেদের সৃজনশীলতা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার পরিচয় তুলে ধরার জন্য দীর্ঘদিন ধরে এই প্রদর্শনীর প্রস্তুতি নিয়েছে। শিক্ষার্থীদের গবেষণামূলক মনোভাব, সমস্যা সমাধানের দক্ষতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

প্রদর্শনী ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অভিভাবক ও অতিথিরা ছাত্রীদের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাসী উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। নৃত্য, সংগীত ও অন্যান্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। বিদ্যালয়ের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মত উপস্থিত অতিথিদের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande