
নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.): মন কি বাত অনুষ্ঠানে গণেশ প্রতিমা নিয়ে ফের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার 'মন কি বাত'-এর ১৩৬-তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আপনাদের হয়তো মনে আছে, 'মন কি বাত'-এর আগের পর্বে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি সবার কাছে অনুরোধ জানিয়েছিলাম, 'প্লাস্টার অফ প্যারিস' বা বিদেশ থেকে আমদানি করা প্রতিমার পরিবর্তে দেশের মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমার পুজো করার জন্য। আমাদের উচিত দেশের প্রাকৃতিক মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমা বাড়িতে নিয়ে আসা। অনেকেই আমাকে এ বিষয়ে বার্তা পাঠিয়েছেন এবং তাঁদের মতামত জানিয়েছেন। তাঁরা আমাকে বলেছেন, তাঁরা আমার অনুরোধ গ্রহণ করেছেন এবং স্থানীয় মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন। এই বছরের জন্যও আমি সেই একই অনুরোধ পুনর্ব্যক্ত করতে চাই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, বিহারের সীতামঢ়িতে 'বর্জ্য থেকে সম্পদ'-এর এক চমৎকার উদাহরণ তৈরি হয়েছে। এখানে বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার করে আকর্ষণীয় বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটি বেঞ্চ তৈরিতে প্রায় ৪০ কেজি 'সিঙ্গেল-ইউজ প্লাস্টিক' বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহৃত হয়। এই বেঞ্চগুলো মজবুত, সুস্থায়ী, আরামদায়ক এবং পরিবেশ-বান্ধব। এগুলি সরকারি স্কুল, পার্ক এবং জনসমাগমস্থলে বসানো হচ্ছে। এর ফলে পরিবেশ সুরক্ষা নিয়েও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর মাত্র কয়েক দিন পর, ৭ আগস্ট, আমাদের দেশ 'জাতীয় তাঁত দিবস' পালন করবে। এই উপলক্ষে আমরা আমাদের তাঁতি ভাই-বোনদের দক্ষতা, সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমকে সম্মান জানাই। তিনি আরও বলেন, তাঁতের তৈরি প্রতিটি পোশাক কোনও এক অঞ্চল, কোনও এক সম্প্রদায় এবং এর সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের গল্প তুলে ধরে। এঁরাই ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে গর্বের সঙ্গে সংরক্ষণ করে চলেছেন। আমি আহ্বান জানাই—আসুন আমরা হস্তশিল্পকে উৎসাহিত করি এবং তাঁতি ভাই-বোনদের সম্মান জানাই। আসুন, 'ভোকাল ফর লোকাল'-এর ভাবনাকে আরও জোরদার করি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ