
কলকাতা, ৩ জুলাই (হি.স.): মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪০ রানে হারিয়ে আট বছর পর ফাইনালে উঠেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার (২ জুলাই) ওভালে জিতে আগামী রবিবার (৫ জুলাই) লর্ডসে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংলিশরা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইংল্যান্ড মাত্র ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে । এরপর দলকে উদ্ধার করেন অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট ও হিদার নাইট। চতুর্থ উইকেটে ৯০ বলে ১৩৩ রানের জুটি গড়ে তারা।
এটি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে যেকোনও উইকেটে সর্বোচ্চ জুটির নতুন রেকর্ড।
সিভার-ব্রান্ট ৪৭ বলে ৭৫ রান করে ম্যাচসেরা হন। নাইট খেলেন ৪৭ বলে ৫৮ রানের কার্যকর ইনিংস। তাদের ব্যাটে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান তোলে ইংল্যান্ড।
১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ভালো শুরু করলেও বড় জুটি গড়তে পারেনি। ওপেনার ট্যাজমিন ব্রিটস ৪৫ বলে ৫১ রান করলেও অন্য ব্যাটাররা ব্যর্থ হন। ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রানেই থামে প্রোটিয়ারা।
ইংল্যান্ডের হয়ে লরেন বেল ও চার্লি ডিন দুটি করে উইকেট নেন। এছাড়া লিনজি স্মিথ, সোফি একলেস্টোন ও লরেন ফাইলার একটি করে উইকেট শিকার করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি