
কলকাতা, ৬ জুলাই (হি.স.): গোল, পাল্টা গোল, লাল কার্ড, গতিময় আক্রমণ–কী ছিল না এই খেলায়! সোমবার এক রুদ্ধশ্বাস একটা ম্যাচ দেখলো বিশ্ব ফুটবল অনুরাগীরা।
৯৮ সেকেন্ডের ব্যবধানে জুড বেলিংহ্যাম দুই গোল করলেন। জবাবে হুলিয়ান কুইনোনেস করলেন দারুণ এক গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে কুয়ানসাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে হয়ে যায় ইংল্যান্ড। তাতে কী আছে! পেনাল্টি থেকে গোল করে আবার ইংল্যান্ডকে এগিয়ে দেন কেন। ১৪ গোল করে তিনি ছুঁয়ে ফেললেন গার্ড মুলারকে।
তার সামনে এখন আছেন রোনালদো নাজারিও, মিরস্লাভ ক্লোসা, কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসি।
এরপর রাউল হিমিনেজ ব্যবধান কমালেন। শেষদিকে মেক্সিকো গোল শোধের অনেক চেষ্টা করেও পারল না। এই হল আজকের বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচের সংক্ষিপ্তসার।
সোমবার মেক্সিকো সিটি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেল ১০ জনের ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হলেও জুড বেলিংহ্যাম ও হ্যারি কেনের নৈপুণ্যে জয় পেয়েছে থ্রি লায়ন্সরা।
এবারের বিশ্বকাপের শেষ ১৬–তে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে একটিও গোল খায়নি মেক্সিকো। কিন্তু এদিন তাদের জাল অক্ষত রাখতে দিল না বেলিংহ্যাম, কেনরা। ফলে ঘরের মাঠের বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেল মেক্সিকোর।
কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। দিনের আগের খেলায় ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। আগামী ১১ জুলাই মায়ামি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই ইউরোপীয় দল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি