
ভিওয়ান্ডি, ৩১ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে ৪-তলা বাড়ি ভেঙে বড়সড় বিপর্যয়। বৃহস্পতিবার রাতে বাড়িটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। শুক্রবার সকাল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৩টি দেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকাজ চলছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ বালাজি নগর এলাকার কোহিনূর ভবনের একাংশ ভেঙে পড়ে।
পৌরসভার আধিকারিকরা জানান, বাড়িটিতে মোট ৪৮টি ঘর ছিল, প্রতি তলায় ১২টি করে ঘর। স্থানীয় পৌর কর্তৃপক্ষ বাড়িটিকে আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিল। বৃহস্পতিবার রাতে বাড়িটিতে যখন মেরামতের কাজ চলছিল, তখনই এই দুর্ঘটনাটি ঘটে। এক আধিকারিক জানান, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ স্থানীয় বাসিন্দারা বাড়িটি থেকে জোরে ফাটল ধরার শব্দ শুনতে পান। কোনও বড় বিপদের আশঙ্কায় স্থানীয়রা দ্রুত অনেক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে সহায়তা করেন। তবে সমস্ত বাসিন্দা বেরোনোর আগেই বাড়িটির 'বি' উইং অংশটি ধসে পড়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ