
রুদ্রপ্রয়াগ, ২ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলা ও কেদার উপত্যকায় অবিরাম ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে। সতর্ক রয়েছে প্রশাসন। ভারী বৃষ্টির জেরে কেদারনাথের পথে ভূমিধস ও পাহাড় থেকে পাথর পড়ার মতো ঘটনাও ঘটছে। মহাসড়কের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটাচ্ছে। তা সত্ত্বেও পুণ্যার্থীদের উদ্দীপনা বিন্দুমাত্র কমেনি।
চলমান 'কানওয়ার যাত্রা' এবং পবিত্র শ্রাবণ মাস উপলক্ষে প্রতিদিন বিপুল সংখ্যক তীর্থযাত্রী প্রার্থনা নিবেদনের জন্য কেদারনাথ ধামে আসছেন। বর্তমান আবহাওয়ার পরিস্থিতির কথা বিবেচনা করে, রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসন তীর্থযাত্রীদের যাত্রাপথে সতর্ক থাকতে এবং সমস্ত নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে।
উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে বিগত ৪৮ ঘণ্টা ঘরে অবিরাম বৃষ্টি হচ্ছে। এর জেরে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি এখন চিন্তাজনক। আবহাওয়া দফতরের পক্ষ থেকেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে সতর্কবার্তা পাওয়ার পর প্রশাসনও সজাগ রয়েছে, চলছে নজরদারি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ