
নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.) : পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মীরে (পিওজেকে) সাধারণ মানুষের উপর চলা অত্যাচারের নিরপেক্ষ তদন্তের দাবি জানাল ভারত। একইসঙ্গে আন্তর্জাতিক মহলের কাছে পাকিস্তানকে এই ঘটনাগুলির জন্য জবাবদিহির আওতায় আনার আহ্বানও জানিয়েছে নয়াদিল্লি।
শুক্রবার সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ নাগরিকদের বিরুদ্ধে পাকিস্তানি প্রশাসন নির্বিচারে বলপ্রয়োগ করছে। এর ফলে ৪০ জনেরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ‘শত্রু’ বলে অভিহিত করেছেন, যা সেখানকার নিরীহ মানুষের প্রতি প্রশাসনের মনোভাব স্পষ্ট করে। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক বিশেষ সহকারী প্রকাশ্যেই স্বীকার করেছেন যে, ভারতবিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য যেসব ‘মুজাহিদিন’-কে পাকিস্তান প্রশিক্ষণ ও অস্ত্র দিয়েছিল, তারাই এখন পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধেই অস্ত্র তুলে নিয়েছে।
রণধীর জয়সওয়ালের দাবি, সহিংসতার শিকার মানুষজন আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে বেআইনি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৬ সালের জুলাই মাসের শেষ দিকে পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে বিতর্কিত আঞ্চলিক নির্বাচনকে কেন্দ্র করে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন দাবিতে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি-র নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ দমনে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ জনেরও বেশি সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে ভারতের দাবি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য