
নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.) : শুক্রবার মহারাষ্ট্রের থানেতে একটি বহুতল ভেঙে পড়ে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন। একই সঙ্গে তাঁরা দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সামাজিক মাধ্যম 'এক্স'-এ লিখেছেন, মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে ভবন ধসে প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। আমি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।
উপরাষ্ট্রপতিও শোকবার্তা জানিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি তাঁর গভীর সমবেদনা রয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য তিনি প্রার্থনা করছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি এলাকার বালাজি নগর-গঙ্গারামবাড়িতে অবস্থিত 'কোহিনূর অ্যাপার্টমেন্ট' নামে একটি চারতলা ভবন আচমকাই ভেঙে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি