
মুম্বই, ৩১ জুলাই (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে চারতলা একটি আবাসন ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে। নিহতদের মধ্যে উত্তর প্রদেশের গোন্ডা জেলার একই পরিবারের চার সদস্য রয়েছেন। আহত চারজনের চিকিৎসা চলছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বলেন, মৃতদের পরিবারের পাশে রাজ্য সরকার রয়েছে। তিনি জানান, ভবনটিতে বেআইনিভাবে মেরামতির কাজ চলছিল, যা অত্যন্ত গুরুতর অপরাধ। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন তিনি।
থানে জেলা প্রশাসন জানিয়েছে, ভিওয়ান্ডির বালাজি নগর-গঙ্গারামওয়াড়ি এলাকায় অবস্থিত চারতলা কোহিনুর অ্যাপার্টমেন্ট বৃহস্পতিবার গভীর রাতে আচমকা ধসে পড়ে। এখনও ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে এনডিআরএফ, টিডিআরএফ এবং দমকল বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন শামীম শেখ (৩২), রঞ্জিত সিং (৪৫), সিরাজ রাসুল শেখ (৩৪), সন্তোষ কুমার পাণ্ডে (৪২), শামীম আনসারি (৩০), অশোক কুমার পাসওয়ান, রাকেশ কুমার পাসওয়ান, মুকেশ কুমার পাসওয়ান, কিশ কুমার পাসওয়ান এবং আরও একজন। অশোক, রাকেশ, মুকেশ ও কিশ—এই চারজনই উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে অশোক ও রাকেশ ছিলেন সহোদর, মুকেশ ছিলেন অশোকের মামাতো ভাই এবং কিশ ছিলেন তাঁদের আত্মীয়।
অশোক কুমার পাসওয়ানের স্ত্রী জানান, তিনি মৃতদেহগুলি উত্তর প্রদেশে নিয়ে যেতে চান, কিন্তু তাঁর কাছে পর্যাপ্ত অর্থ নেই। অ্যাম্বুল্যান্সের জন্য ১.২৫ থেকে ১.৫০ লক্ষ টাকা দাবি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
রাজ্যের মন্ত্রী গিরিশ মহাজন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ভবনটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছিল। পরে নিচতলায় বেআইনিভাবে মেরামতির কাজ চলাকালীন ভবনটি ধসে পড়ে এবং ওই শ্রমিকরাই দুর্ঘটনার শিকার হন।
তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিয়ম অনুযায়ী সহায়তা করবে। একই সঙ্গে বেআইনি মেরামতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ এখনও ঘটনাটির তদন্ত করছে এবং ধ্বংসস্তূপ সরিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য