
কলকাতা, ৪ জুলাই (হি.স.) : কেপ ভার্দেকে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে গেল ঠিকই, কিন্তু তাদের জয় এল খুবই কষ্টার্জিত ভাবে। ফিফা র্যাঙ্কিংয়ের ২ নম্বর দলের সঙ্গে ৬৪ নম্বর দলের লড়াই, কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ নকআউটের এই ম্যাচে কাগজে-কলমে অনেক এগিয়ে ছিল আর্জেন্টিনা। যেভাবে গ্রুপ পর্বের ৩ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, তাতে কেপ ভার্দের মতো দলের বিপক্ষে লিওনেল মেসিরা তেমন চ্যালেঞ্জ জানাতে পারলেন না। সব ধরনের পরিসংখ্যানকে পেছনে ফেলে বুক ফুলিয়ে লড়াই করে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে হার স্বীকার করেছে কেপ ভার্দে।
নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে দুইবার পিছিয়ে পড়ার পরেও দুইবারই সমতায় ফিরেছে কেপ ভার্দে। তবে শেষ রক্ষা হয়নি। ১১১ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরোর গোলে সমাপ্তি ঘটে কেপ ভার্দে রূপকথার।
মায়ামিতে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।
এদিন মাঠে নেমেই বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক গড়েছেন মেসি। এই ম্যাচটি বিশ্বকাপে তার ৩০তম ম্যাচ, যা এই প্রতিযোগিতার ইতিহাসে কোনো ফুটবলারের সর্বোচ্চ। শুধু এটাই নয়, এটি বিশ্বকাপে তার ২৭তম ম্যাচে শুরুর একাদশে খেলার রেকর্ড, যে রেকর্ডও আর কোনো ফুটবলারের নেই।
রেকর্ডময় ম্যাচে ২৯ মিনিটে কেপ ভার্দের দেওয়ালও ভাঙেন মেসিই। মাঝমাঠ থেকে লিসান্দ্রো মার্টিনেজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে জড়ান। এটি বিশ্বকাপে সব মিলিয়ে তাঁর ২০তম গোল। এই বিশ্বকাপে সব মিলিয়ে সপ্তম এবং সর্বোচ্চ। ৬ গোল নিয়ে তাঁর পরেই আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি