
কলকাতা, ৪ জুলাই (হি.স.) : লিগ শিরোপা জিতে গত মে মাসে আল নাসরের চাকরি ছেড়েছিলেন পর্তুগিজ কোচ জর্জ জেসুস। দেড় মাস পর তার উত্তরসূরি বেছে নিলো সৌদি ক্লাবটি। আগামী মরসুমে ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের ডাগআউটে দাঁড়াবেন টটেনহ্যাম ও নটিংহ্যামের প্রাক্তন কোচ অ্যাঞ্জে পস্তেকগ্লু।
সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন দলটির সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছেন পস্তেকগ্লু। গত মরসুমে নটিংহ্যাম ফরেস্টের দায়িত্বে মাত্র আটটি ম্যাচ পরিচালনার পর থেকে বেকার ছিলেন তিনি।
৬০ বছর বয়সি পস্তেকগ্লু স্কটিশ ক্লাব সেল্টিকের কোচ থাকাকালে দুই মরসুমে ৫টি বড় শিরোপা জিতেছিলেন। স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর পদত্যাগ করলে স্কটল্যান্ড জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবেও তার নাম আলোচনায় আসে।
সেল্টিককে ৫টি শিরোপা জেতানোর পাশাপাশি পস্তেকগ্লু টটেনহ্যামকে ২০০৮ সালের পর প্রথম শিরোপার স্বাদ এনে দেন। তার অধীনে টটেনহ্যাম জেতে ইউরোপা লিগের ট্রফি। গ্রিসে জন্মগ্রহণকারী এই অস্ট্রেলিয়ান বিশ্বকাপে আইটিভির হয়ে ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করছেন।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি