
সিওল, ৫ জুলাই (হি.স.) : আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে চতুর্থ মাঝারি আকারের ভূ-পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে দক্ষিণ কোরিয়া। স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে প্রায় ৫০০ কেজি ওজনের এই উপগ্রহটি।
দক্ষিণ কোরিয়ার মহাকাশ সংস্থা কোরিয়া অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (কেএএসএ) জানিয়েছে, কোরিয়ার স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে। গত মাসেই সমস্ত প্রযুক্তিগত পরীক্ষা ও জ্বালানি ভরার কাজ সম্পন্ন হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, উৎক্ষেপণের প্রায় ২ ঘণ্টা ২২ মিনিট পরে উপগ্রহটি রকেট থেকে বিচ্ছিন্ন হবে। এরপর আরও প্রায় ৩১ মিনিটের মধ্যে নরওয়ের স্বালবার্ড গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে প্রথম সংকেত পাঠাবে।
উপগ্রহটিতে দক্ষিণ কোরিয়ায় তৈরি উচ্চ-রেজোলিউশনের পর্যবেক্ষণ ক্যামেরা-সহ একাধিক পে-লোড সংযুক্ত রয়েছে। এই ক্যামেরার সাহায্যে প্রতি তিন দিনে একবার গোটা কোরীয় উপদ্বীপের উচ্চমানের ছবি তোলা সম্ভব হবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, কৃষি, বন ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ এবং জননিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রে এই উপগ্রহের তথ্য ব্যবহার করা হবে।
প্রায় ৮৮৮ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্থাপিত হওয়ার পর উপগ্রহটি চার মাসের প্রাথমিক পরীক্ষামূলক পর্যায় অতিক্রম করবে। সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী বছরের প্রথমার্ধে এটি পূর্ণমাত্রায় কার্যকর হবে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য