
ঝাড়গ্রাম, ৭ জুলাই (হি.স.) : রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। গুরুতর জখম হয়েছেন তাঁর মেয়ে। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রামের লোধাশুলি মোড় সংলগ্ন ৪৯ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সরস্বতী সাউ (৬০)। গুরুতর আহত হয়েছেন তাঁর ৩৫ বছর বয়সি মেয়ে ঝর্ণা সাউ। তাঁদের বাড়ি ওড়িশার বারিপদা এলাকায়। কলকাতায় চিকিৎসা করিয়ে তাঁরা ঝাড়গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আসছিলেন। মঙ্গলবার লোধাশুলি মোড়ে বাস থেকে নেমে ৪৯ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় সরস্বতী সাউয়ের। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে যান ঝর্ণা সাউ।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ছুটে এসে আহত ঝর্ণা সাউকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যায়। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম পুলিশ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লোধাশুলি মোড় সংলগ্ন ৪৯ নম্বর জাতীয় সড়কে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচলের ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। পথচারীদের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় স্থায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, গতিনিয়ন্ত্রণের উদ্যোগ এবং নিরাপত্তা পরিকাঠামো জোরদারের দাবি তুলেছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো