বারুইপুরে ফুটবল খেলা নিয়ে বিবাদ, বন্ধুর ছুরির আঘাতে ১৬ বছরের কিশোরের মৃত্যু
কলকাতা, ৭ জুলাই (হি. স.): ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদ। বচসার জেরে বন্ধুর ছুরির আঘাতে এক কিশোরের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের উকিলপাড়া এলাকায়। মৃতের বয়স ১৬ বছর। গুরুতর জখম অবস্থায় তাকে বারুইপুর ম
বারুইপুরে ফুটবল খেলা নিয়ে বিবাদ, বন্ধুর ছুরির আঘাতে ১৬ বছরের কিশোরের মৃত্যু


কলকাতা, ৭ জুলাই (হি. স.): ফুটবল খেলাকে কেন্দ্র করে বিবাদ। বচসার জেরে বন্ধুর ছুরির আঘাতে এক কিশোরের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের উকিলপাড়া এলাকায়। মৃতের বয়স ১৬ বছর। গুরুতর জখম অবস্থায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

স্থানীয় সূত্রে খবর, গত সন্ধ্যায় ফুটবল খেলার সময় কয়েক জন কিশোরের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময় এক কিশোরের বুকে আচমকা ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়।

ঘটনায় প্রকাশ, এরপর বারুইপুর থানার পুলিশ তিন অভিযুক্তকে আটক করেছে। তবে মঙ্গলবার পর্যন্ত বাকিদের হদিশ মেলেনি। ফলে এই মুহূর্তে আরও দুইজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। আটক অভিযুক্তদের হাসপাতালে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হলে সেখানে ভিড় জমান মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে বর্তমানে এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে, সোমবার রাতের দিকে কুলপি রোড অবরোধ করেন বিক্ষোভকারীরা। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ ওঠে। এ দিন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande