
পাটনা, ৭ জুলাই (হি.স.) : পাটনার বহুল আলোচিত কোচিং-কাণ্ডে গুলি চালনার মামলায় অভিযুক্ত শিক্ষক ফৈজল খান ওরফে খান স্যার এবং তাঁর দুই দেহরক্ষীর জামিনের আবেদনের শুনানি মঙ্গলবার জেলা বিচারকের আদালতে হয়। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত মামলার পরবর্তী শুনানির দিন বুধবার সকাল সাড়ে ১০টা ধার্য করেছে। ওই দিনই জামিনের আবেদনের বিষয়ে আদালত রায় দিতে পারে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার প্রায় ৪০ মিনিট ধরে উভয় পক্ষের আইনজীবীরা বিস্তারিত যুক্তি পেশ করেন। শুনানির সময় আদালত মামলার বিভিন্ন আইনি দিক নিয়ে আলোচনা করে। রোশন আনন্দের অভিযোগের ভিত্তিতে আদালত খান স্যারের বিরুদ্ধে পূর্বে কোনও অপরাধমূলক মামলা রয়েছে কি না, সেই সংক্রান্ত নথি তলব করেছে। বুধবারের শুনানিতে সেই তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা বিচারক রূপেশ দেব বলেন, দীর্ঘদিন ধরে মামলা বিচারাধীন রয়েছে। তাই দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট পক্ষগুলিকে প্রয়োজনীয় নথি সময়মতো জমা দিয়ে বিচারপ্রক্রিয়ায় সহযোগিতা করার নির্দেশ দেন।
খান স্যারের পক্ষে সওয়াল করা আইনজীবী রঞ্জন সিং জানান, শুনানিতে অস্ত্রের লাইসেন্স নিয়েও আলোচনা হয়েছে। তাঁর দাবি, সংশ্লিষ্ট লাইসেন্সের মেয়াদ প্রায় দু'মাস আগে শেষ হলেও তা নবীকরণের জন্য আইন অনুযায়ী ছয় মাস পর্যন্ত সময় পাওয়া যায়। সেই বিষয়টি বিবেচনায় নিলে জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আদালত উভয় পক্ষকে তাদের দাবির সমর্থনে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, যাতে দ্রুত মামলার নিষ্পত্তি করা যায়। বিচারক স্পষ্ট জানিয়েছেন, এই মামলার বিচারপ্রক্রিয়া আর দীর্ঘায়িত করতে চান না।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য