
নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক সভ্যতা এবং সমুদ্রের। দুই দেশই আজ উন্নয়নের জন্য অধীর। ভারত ইন্দোনেশিয়া এবং আসিয়ান অঞ্চলে প্রগতি ও সমৃদ্ধি আনার ক্ষেত্রে একটি চালিকাশক্তি হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার ইন্দোনেশিয়ায় ভারতীয়দের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার জাকার্তায় ভারতীয় সম্প্রদায়ের পক্ষ থেকে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোর সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে উপস্থিত প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার অগ্রগতি ও সমৃদ্ধিতে তাঁদের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি দুই দেশের বন্ধুত্বের মাঝে এক জীবন্ত সেতু হিসেবে কাজ করার জন্য ভারতীয় প্রবাসীদের ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আজকের ভারত কেবল নিজের স্বপ্ন পূরণ করছে না, বরং প্রতিটি বন্ধু দেশের স্বপ্নের পাশেও দাঁড়াচ্ছে। ভারত ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর মন্ত্রে চলে। ভারতের এই আত্মনির্ভরতা ইন্দোনেশিয়াসহ সমগ্র আসিয়ান অঞ্চলের জন্য একটি গুণক শক্তি (মাল্টিপ্লায়ার ফোর্স) হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো জানান, একটি জেনেটিক টেস্টের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে তাঁর শরীরে ভারতীয় ডিএনএ রয়েছে। এর জবাবে প্রধানমন্ত্রী মোদী বলেন, রাষ্ট্রপতির এই মন্তব্য ভারতীয়দের হৃদয় ছুঁয়ে গেছে। আসলে দুই দেশের মধ্যকার ডিএনএ হলো পারস্পরিক বিশ্বাস, অংশীদারিত্ব এবং যৌথ ঐতিহ্য।
সাংস্কৃতিক মেলবন্ধনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “মহানন্দা নদীতে কলার ভেলা ভাসানোর ঐতিহ্য হোক, কিংবা ওয়ায়াং কুলিত-এর (ছায়াপুতুল নাচ) মাধ্যমে মহাভারত মঞ্চস্থ করা বা দেবী শ্রীর পূজা—প্রতিটি পরম্পরাই ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যকার অবিচ্ছেদ্য সাংস্কৃতিক সম্পর্ককে তুলে ধরে। এই বন্ধনের ইতিহাস যতটাই প্রাচীন, ততটাই সমৃদ্ধ।”
ইন্দোনেশিয়ায় অত্যন্ত জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর গানটির উল্লেখ করে প্রধানমন্ত্রী রসিকতার ছলে বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করলে ‘কুছ’ (কিছু) নয়, বরং ‘বহুত কুছ’ (অনেক কিছু) হয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত আজ বিশ্বের দরবারে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করছে। গত ১২ বছরে দেশে যে সমস্ত সংস্কারমূলক কাজ হয়েছে, তার ফলেই এটি সম্ভব হয়েছে। করোনা মহামারি কিংবা পশ্চিম এশিয়ার চরম সংকট—কোনো প্রতিকূলতাতেই ভারতীয় অর্থনীতি থমকে যায়নি এবং এর গতিও কমেনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতি ও দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না, তবে তিনি প্রধানমন্ত্রী মোদীর একজন গুণমুগ্ধ এবং নিজের দেশেও মোদীর একাধিক নীতি তিনি অনুসরণ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি