
আরামবাগ , ৭ জুলাই (হি.স.): মঙ্গলবার দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৪ পুর বলিপুর থেকে তারকেশ্বর পর্যন্ত নতুন ৫টি বাস পরিষেবার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হলো। এই উপলক্ষে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ জানান, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই বাস পরিষেবা চালু করা হয়েছে।
বিধায়কের দাবি, নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় এলাকার বাসিন্দাদের যাতায়াত আরও সহজ, সুলভ ও স্বাচ্ছন্দ্যময় হবে। বিশেষ করে কর্মজীবী মানুষ, ছাত্র-ছাত্রী এবং নিত্যযাত্রীদের জন্য এই পরিষেবা অত্যন্ত উপকারী হবে বলে তিনি উল্লেখ করেন।
বিমান ঘোষ বলেন, “কথা দিয়েছিলাম, কথা রাখলাম। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নই আমাদের অঙ্গীকার।” তিনি আরও জানান, জনসাধারণের দীর্ঘদিনের দাবি পূরণে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং আগামী দিনেও এলাকার উন্নয়নে একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়নের কাজ চলবে।
স্থানীয় বাসিন্দারাও নতুন বাস পরিষেবা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের আশা, এই উদ্যোগে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং প্রতিদিনের যাতায়াতে সময় ও ভোগান্তি অনেকটাই কমবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA