
হুগলি , ৭ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, রাজ্যে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং কোনও অপরাধীকেই রেয়াত করা হবে না। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।
মঙ্গলবার শ্রীরামপুরে বিজেপির জেলা কার্যালয়ে সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, “বর্তমানে পশ্চিমবঙ্গে বাবরের শাসন নয়, বিজেপি সরকারের শাসন চলছে। এখানে শাসকের নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্য সরকার অত্যন্ত সক্রিয় ও দায়িত্বশীলভাবে আইনশৃঙ্খলা রক্ষার কাজ করছে।”
তিনি আরও বলেন, “পঞ্চাশ বছর আগে রাজ্যের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি যেমন ছিল, বর্তমান সময়ে তা সম্পূর্ণ বদলে গিয়েছে।”
বারুইপুরের একটি ঘটনায় সিপিএম নেতা নায়েক আলির বিরুদ্ধে উসকানির অভিযোগ প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “এখন আর পশ্চিমবঙ্গে সিপিএমের সরকার নেই। যে-ই আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে বা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকবে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে।”
এদিকে, সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জী-র গাড়িতে ডিম ছোড়ার ঘটনায়ও নিন্দা জানান বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “এই ধরনের ঘটনা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এই কাজ করেছে, তারা ভুল করেছে এবং এ ধরনের আচরণের সমর্থন করা যায় না।”
সবশেষে শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। কোনও ধরনের হিংসা বা অরাজকতা বরদাস্ত করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA