অভিনেতা রাজেশ শর্মা হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পর্যবেক্ষণে
মুম্বই, ৮ জুলাই (হি.স.): হিন্দি ছবি ‘তনু ওয়েডস মনু’ এবং জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’-এর অভিনেতা রাজেশ শর্মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একটি ছবির শুটিং চলাকালীন পোকামাকড়ের কামড় থেকে তাঁর শরীরে গুরুতর সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানা গ
অভিনেতা রাজেশ শর্মা হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের পর্যবেক্ষণে


মুম্বই, ৮ জুলাই (হি.স.): হিন্দি ছবি ‘তনু ওয়েডস মনু’ এবং জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক’-এর অভিনেতা রাজেশ শর্মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একটি ছবির শুটিং চলাকালীন পোকামাকড়ের কামড় থেকে তাঁর শরীরে গুরুতর সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের দাবি, রাজেশ শর্মা বর্তমানে জ্বর, সংক্রমণ এবং শ্বাসকষ্টে ভুগছেন।

জানা গিয়েছে, শুটিংয়ের জন্য তিনি রামোজি ফিল্ম সিটিতে ছিলেন। সেখানে একটি পোকা কামড়ালেও প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি। পরে কলকাতায় ফেরার পথে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। সংক্রমণ ডান পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং আক্রান্ত অংশে বড় বড় ফোসকা দেখা দেয়। বর্তমানে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল তাঁর শারীরিক অবস্থার উপর নিবিড় নজর রাখছেন।

চিকিৎসকদের আশঙ্কা, সংক্রমণের জেরে রক্ত জমাট বাঁধার মতো জটিলতা তৈরি হতে পারে। সেই জমাট রক্ত ফুসফুসে পৌঁছালে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে পারে। তবে আপাতত অভিনেতার চিকিৎসা চলছে এবং তাঁর বিস্তারিত মেডিক্যাল রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকেরা।

সুদীপা চট্টোপাধ্যায় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা জানানো অনুরাগী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande