চলন্ত বাসে চালক-পরিচালকের ঝগড়ার মাঝেই উল্টে গেল স্লিপার বাস, নিহত ১ মহিলা, আহত ১৫
ভরতপুর, ৮ জুলাই (হি.স.) : রাজস্থানের ভরতপুর জেলার সেওর থানা এলাকায় মঙ্গলবার গভীর রাতে একটি বেসরকারি স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের স
দুর্ঘটনা


ভরতপুর, ৮ জুলাই (হি.স.) : রাজস্থানের ভরতপুর জেলার সেওর থানা এলাকায় মঙ্গলবার গভীর রাতে একটি বেসরকারি স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় যাত্রীদের বাস থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৌলপুর থেকে জয়পুরগামী বেসরকারি স্লিপার বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। রাত প্রায় ১১টা নাগাদ ভরতপুরের দারাপুর গ্রামের কাছে উঁচা নগলা পুলিশ ফাঁড়ির এলাকায় দ্রুতগতির বাসটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

আহত যাত্রী সুনীল, যিনি ধৌলপুরের বানপুরের বাসিন্দা, জানান তিনি তাঁর মা গুড্ডির সঙ্গে বাসে যাত্রা করছিলেন। তাঁর অভিযোগ, বাসের চালক ও হেলপার মত্ত অবস্থায় ভাড়াকে কেন্দ্র করে চলন্ত বাসের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় চালক দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন। এর জেরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর আহতদের অ্যাম্বুল্যান্সে করে ভরতপুরের আরবিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা গুড্ডিকে মৃত বলে ঘোষণা করেন। আহত প্রায় ১৫ জনের চিকিৎসা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সেওর থানার এএসআই বৃন্দাবন সিং জানান, প্রাথমিক তদন্তে চালকের গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। মৃতার দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যাত্রীদের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্তে চালক ও হেলপারের মত্ত অবস্থায় গাড়ি চালানো বা অন্য কোনও ধরনের অবহেলার প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande