
আরামবাগ ,৮ জুলাই (হি.স.): অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা না পাওয়ার অভিযোগে বুধবার আরামবাগ পঞ্চায়েত সমিতি চত্বরে বিক্ষোভে সামিল হন একদল মহিলা। তাঁদের অভিযোগ, আবেদন করার পরও দীর্ঘদিন কেটে গেলেও এখনও পর্যন্ত প্রকল্পের টাকা তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েনি। বারবার সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করেও কোনও সদুত্তর না মেলায় তাঁরা এদিন পঞ্চায়েত সমিতিতে এসে বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীদের দাবি, দ্রুত তাঁদের বকেয়া অর্থ প্রদান করতে হবে এবং প্রকৃত উপভোক্তাদের যাতে আর হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে প্রশাসনকে উদ্যোগী হতে হবে।
খবর পেয়ে পঞ্চায়েত সমিতির আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর পরিস্থিতি শান্ত হয়।
তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA