
বীরভূম, ৮ জুলাই (হি. স.): পুলিশি হস্তক্ষেপে অবশেষে দখলমুক্ত অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়। বুধবার সকাল থেকেই গুটিকয় কর্মী-সমর্থক উপস্থিত হন কার্যালয়ে। বিকেলে অনুব্রত মণ্ডলও সেখানে যান। তিনি বলেন, “বোলপুরে দলীয় কার্যালয় মন্দিরের মতো। এর বেশি কিছু বলতে চাই না।”
মঙ্গলবার বিজেপির যুব সংগঠনের সদস্যরা ছাড়াও স্থানীয় বাসিন্দারা বোলপুর পুরসভার দুর্নীতির অভিযোগে সরব হন। মধ্যরাতে খুলে দেওয়া হয় অনুব্রতর তৃণমূলের জেলা কার্যালয়। এরপর ই-মেল মারফত বীরভূম জেলা পুলিশ সুপারকে অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশি হস্তক্ষেপে কার্যালয়ের চাবি ফেরত পান তৃণমূল কর্মীরা।
এই কার্যালয় থেকেই একসময় বীরভূম জেলা পরিচালনা করতেন বোলপুরের ‘কেষ্ট’। অভিযোগ, এই কার্যালয় থেকেই কে কোন থানার ওসি হবেন, কোন ঠিকাদার কীসের টেন্ডার পাবেন নিদান দিতেন অনুব্রত। এমনকি, প্রশাসনিক কাজেও বকলমে নির্দেশ দেওয়া হত।
রাজ্যে পালাবদলের পর সেসব অতীত। তবে বিজেপির যুব সদস্যদের দাবি, বোলপুর শহরে ২২টি ওয়ার্ডে নাগরিক পরিষেবা মিলছে না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত