
আরামবাগ , ৮ জুলাই (হি.স.): আরামবাগে সংগঠন আরও শক্তিশালী করার লক্ষ্যে বড়সড় যোগদান কর্মসূচির আয়োজন করল কংগ্রেস। বুধবার আরামবাগ সাংগঠনিক জেলা কংগ্রেস সভাপতি ভবানীপ্রসাদ মণ্ডল-এর হাত ধরে প্রায় ১০০টি পরিবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করে।
কংগ্রেস নেতৃত্বের দাবি, নবযোগদানকারীদের অধিকাংশই আগে তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন। বিভিন্ন এলাকার এই পরিবারগুলি কংগ্রেসের পতাকা হাতে নিয়ে দলে যোগ দেন। নবাগতদের দলীয় উত্তরীয় পরিয়ে স্বাগত জানান জেলা সভাপতি ভবানীপ্রসাদ মণ্ডল।
এদিন ভবানীপ্রসাদ মণ্ডল বলেন, সাধারণ মানুষের আস্থা কংগ্রেসের প্রতি বাড়ছে। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে বহু মানুষ কংগ্রেসের আদর্শে বিশ্বাস রেখে দলে যোগ দিচ্ছেন। আগামী দিনে আরামবাগে সংগঠনকে আরও শক্তিশালী করতে এই ধরনের যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অন্যদিকে, কংগ্রেসের এই দাবির বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রাজনৈতিক মহলের মতে, আরামবাগে এই যোগদান কর্মসূচি আগামী দিনের স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA