ত্রিপুরায় বাংলাদেশের হাইকমিশনার, নজরে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা
আগরতলা, ৮ জুলাই (হি.স.) : ত্রিপুরার সঙ্গে বাংলাদেশ তথা উত্তর-পূর্ব ভারতের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্যে এলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ রিয়াজ হামিদুল্লাহ। বুধবার বিকেলে রেলপথে আগরতলা রেল স্টেশনে পৌঁছ
বাংলাদেশের হাইকমিশনার


আগরতলা, ৮ জুলাই (হি.স.) : ত্রিপুরার সঙ্গে বাংলাদেশ তথা উত্তর-পূর্ব ভারতের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্যে এলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহম্মদ রিয়াজ হামিদুল্লাহ। বুধবার বিকেলে রেলপথে আগরতলা রেল স্টেশনে পৌঁছান তিনি। স্টেশনে পৌঁছানোর পর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

রেল স্টেশনে আগরতলাস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকরা উপস্থিত থেকে হাইকমিশনারকে স্বাগত জানান। স্টেশন চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপত্তার বলয়েই তাঁকে রাজ্য অতিথিশালায় নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, বৃহস্পতিবার ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ’-এ অংশগ্রহণ করবেন বাংলাদেশের হাইকমিশনার। এই কনক্লেভে দেশ-বিদেশের শিল্পপতি, বিনিয়োগকারী এবং ব্যবসায়িক প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, যোগাযোগ ব্যবস্থা এবং সীমান্তবর্তী অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞ মহলের মতে, ভৌগোলিক অবস্থানের কারণে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সীমান্ত বাণিজ্য, লজিস্টিকস, পরিবহণ, পর্যটন এবং শিল্পক্ষেত্রে যৌথ উদ্যোগ ভবিষ্যতে উভয় পক্ষের জন্যই লাভজনক হতে পারে।

বাংলাদেশের হাইকমিশনারের এই সফরকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভে তাঁর অংশগ্রহণ ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে নতুন বিনিয়োগ এবং বাণিজ্যিক সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande