
পুরুলিয়া, ৮ জুলাই (হি.স.): বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পথে পুরুলিয়ায় ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। বুধবার ভোর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বরাবাজার থানার সিন্দ্রি ফাঁড়ির অন্তর্গত টসরবাকির কুমারী নদীর উপরে থাকা কজওয়েতে। তবে কজওয়ের পাশে পরেই বাসটি আটকে যাওয়ার কারণে এক বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫০ মত যাত্রী নিয়ে বাঁকুড়ার রানিবাঁধ থেকে বরাবাজারের সিমুদুরী গ্রামে ফিরছিল বাসটি। তবে কজওয়েতে জল থাকায় আগাম বেশ কয়েকজন যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। বাসের ভিতরে থাকা যাত্রীর সংখ্যা কমিয়ে ধীরে ধীরে বাসটিকে নিয়ে কজওয়ে পার করছিলেন চালক। তখনই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বরাবাজার থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাসে আটকে থাকা সমস্ত যাত্রীদের একে একে উদ্ধার করে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ