
কলকাতা, ৮ জুলাই (হি. স.) : বারুইপুরে অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্কের আবহে বুধবার দুপুরে লোক ভবনে রাজ্যপাল আর. এন. রবির সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।সূত্রের খবর, নির্ধারিত কর্মসূচি অনুযায়ীই শুভেন্দু অধিকারী লোক ভবনে যান এবং রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। যদিও বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনও মন্তব্য করেননি।রাজনৈতিক মহলের একাংশের অনুমান, বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিষয়টি বৈঠকে উঠে এসে থাকতে পারে। তবে এই বিষয়ে রাজ্যপাল বা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানানো হয়নি। ফলে বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।প্রসঙ্গত, বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুন মামলার এক অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত হওয়ার পর ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে। এই আবহেই রাজভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিয়েছে। তবে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে সরকারি কোনও বিবৃতি এখনও প্রকাশিত হয়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়