অসমে কেন্দ্রীয় দল, শুরু বন্যায় ক্ষয়ক্ষতির পর্যালোচনা ও মূল্যায়ন
গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : অসমে ২০২৫ এবং ২০২৬ সালের বন্যায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে ভারত সরকারের ছয় সদস্যের আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল (ইন্টার-মিনিস্টেরিয়াল সেন্ট্রাল টিম, সংক্ষেপে আইএমসিটি) রাজ্যে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মস
বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক (ফাইল ফটো)


গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : অসমে ২০২৫ এবং ২০২৬ সালের বন্যায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে ভারত সরকারের ছয় সদস্যের আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল (ইন্টার-মিনিস্টেরিয়াল সেন্ট্রাল টিম, সংক্ষেপে আইএমসিটি) রাজ্যে এসেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব (ইউটি) প্রবীণ কুমার রাইয়ের নেতৃত্বে আগত দলে রয়েছেন অর্থ মন্ত্রক, জলশক্তি মন্ত্রক, গ্রামোন্নয়ন মন্ত্রক, সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক এবং ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের উচ্চপদস্থ আধিকারিকরা।

কেন্দ্রীয় দলটি গুয়াহাটিতে এসেছে গতকাল মঙ্গলবার। গুয়াহাটিতে পৌঁছানোর পর অসমের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা (এএসডিএমএ) কর্তৃপক্ষের উচ্চপদস্থ আধিকারিকরা কেন্দ্রীয় দলকে স্বাগত জানান। প্রাথমিক বৈঠকে অতিরিক্ত মুখ্যসচিব তথা এএসডিএমএ-র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এল সুইটি চাংসানের নেতৃত্বে রাজ্য সরকারের আধিকারিকরা চলতি বছরের বন্যা পরিস্থিতি এবং গত দু বছরে সংঘটিত ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য দলের সামনে তুলে ধরেন।

ক্ষয়ক্ষতির মূল্যায়ন সহজতর করার জন্য কেন্দ্রীয় দলটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি দল ধেমাজি, লখিমপুর এবং বিশ্বনাথ জেলার গহপুরের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবে। অন্য দলটি আজ (৮ জুলাই) থেকে ১১ জুলাই পর্যন্ত কাছাড়, বজালি এবং চিরাং জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবে।

মাঠ পর্যায়ে পরিদর্শনের মাধ্যমে বন্যার ক্ষয়ক্ষতির সরেজমিন মূল্যায়ন করা হবে এবং ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে পরিকাঠামো, কৃষি ও সরকারি সম্পদের ওপর এর প্রভাব খতিয়ে দেখবে কেন্দ্রীয় দল।

কেন্দ্রীয় দলটি তাদের পর্যবেক্ষণ ও প্রাথমিক মূল্যায়ন নিয়ে আলোচনার জন্য দিশপুরের জনতা ভবনে অসমের মুখ্যসচিব এবং রাজ্য সরকারের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করবেন।

গুয়াহাটিতে অনুষ্ঠিত প্রাথমিক বৈঠকে রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং এএসডিএমএ-র উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে পরাগ কুমার কাকতি, অলকানন্দা মেধি এবং পঙ্কজ চামুয়া উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande