
পূর্ব মেদিনীপুর, ৮ জুলাই (হি. স.): সাইবার হানার শিকার হচ্ছেন বিজেপির একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়করা। এবার পূর্ব মেদিনীপুরের পূর্ব পাঁশকুড়া বিধানসভার বিধায়ক সুব্রত মাইতির মোবাইল ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করল প্রতারকরা।
এরপর টাকা চেয়ে বিধায়কের পরিচিতদের বার্তা পাঠানো হয়েছে।
বিধায়ক টাকা চাইছেন দেখে অনেকে টাকা দিয়েও দেন। এই নিয়ে সমাজমাধ্যমে সতর্ক করেন বিধায়ক সুব্রতবাবু।
এই ঘটনার পরই বুধবার বিকেলে নিমতৌড়িতে জেলা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতি।
সাইবার ক্রাইম বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে। সাইবার পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম কুন্দন কুমার। তার বাড়ি বিহার এলাকায়। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ পুলিশের।
তিনি জানান, বুধবার দুপুর ২ টো নাগাদ তাঁর কাছে পরিচিতদের ফোন আসতে শুরু করে। তাঁদের কাছ থেকেই বিষয়টি জানতে পারেন বিধায়ক।
অনেকেই তাঁকে জানান, হোয়াটসঅ্যাপ থেকে টাকা চেয়ে মেসেজ গিয়েছে। হিন্দি ভাষায় ইংরেজিতে টাইপ করে টাকা চাওয়া হচ্ছে। কারও থেকে তিন হাজার টাকা আবার কারও থেকে ৩০ হাজার টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত