
হাফলং (অসম), ৮ জুলাই (হি.স.) : ডিমা হাসাও জেলায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)-এর অধীনে চলমান সড়ক পরিকাঠামো প্রকল্পগুলির ক্ষতিপূরণ, ভূমি অধিগ্রহণ এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে বুধবার হাফলংস্থিত জেলা কার্যালয় কার্যালয়ের সভা কক্ষে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন ডিমা হাসাওয়ের জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গে।
প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ক্ষতিপূরণ প্রদান, ভূমি অধিগ্রহণ এবং বাস্তবায়নের বিভিন্ন সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র পুলিশ সুপার রিপুঞ্জয় কাকতি, অতিরিক্ত জেলা কমিশনার, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের (এনসিএইচএসি) অতিরিক্ত সচিব, জেলা কৃষি আধিকারিক, এনএইচএআই, এনএইচআইডিসিএল, বন বিভাগ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের আধিকারিকরা।
জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বিভিন্ন অমীমাংসিত বিষয় দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গে বৈঠকে জেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলির মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলি সম্পন্ন হলে জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব