
হাওড়া, ৮ জুলাই (হি.স.): বুধবার দুপুরে বেলুড়ের ভোটবাগান এলাকার কাশী মণ্ডল লেনে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন দুপুরের এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
বুধবার স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে হঠাৎই কাশী মণ্ডল লেনের ওই বহুতল থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন অন্যান্য বাড়িতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলুড় থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমদিকে দমকল বাহিনীর কর্মীদের কাজ করতে কিছুটা বেগ পেতে হয়। তবে দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের যৌথ তৎপরতায় প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ