বারুইপুরে অভিযুক্তের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া, কঠোর শাস্তির পক্ষে হাঁসখালির নির্যাতিতার মা
হাঁসখালি (নদিয়া), ৮ জুলাই (হি. স.):-বারুইপুরে এক অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কঠোর শাস্তির পক্ষে মত প্রকাশ করলেন নদিয়ার হাঁসখালি গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় নির্যাতিতার মা। বুধবার এনকাউন্টারের খবর প্রকাশ্যে আসার পর ত
বারুইপুরে অভিযুক্তের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া, কঠোর শাস্তির পক্ষে হাঁসখালির নির্যাতিতার মা


হাঁসখালি (নদিয়া), ৮ জুলাই (হি. স.):-বারুইপুরে এক অভিযুক্তের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কঠোর শাস্তির পক্ষে মত প্রকাশ করলেন নদিয়ার হাঁসখালি গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় নির্যাতিতার মা। বুধবার এনকাউন্টারের খবর প্রকাশ্যে আসার পর তিনি বলেন, যারা ধর্ষণ ও নৃশংস অপরাধ করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।তিনি দাবি করেন, এ ধরনের অপরাধে দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পরিবর্তে দ্রুত ও কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। তাঁর বক্তব্য, এমন শাস্তি হলে ভবিষ্যতে অপরাধীরা এই ধরনের অপরাধ করার আগে ভয় পাবে। একই সঙ্গে তিনি পুলিশ ও প্রশাসনের কাছে ধর্ষণসহ নারীর বিরুদ্ধে নৃশংস অপরাধের ক্ষেত্রে কঠোর অবস্থান বজায় রাখার আহ্বান জানান।উল্লেখ্য, সম্প্রতি বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যু হয়। পুলিশ জানায়, অভিযুক্ত পালানোর চেষ্টা করার সময় পুলিশের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সে গুরুতর জখম হয় এবং পরে তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে।প্রসঙ্গত, হাঁসখালির ঘটনায় দীর্ঘদিন ধরেই সুবিচারের দাবিতে সরব নির্যাতিতার পরিবার। বারুইপুরের ঘটনায় নির্যাতিতার মায়ের এই প্রতিক্রিয়া সেই প্রেক্ষাপটেই সামনে এসেছে। তবে বারুইপুরের ঘটনায় পুলিশের পদক্ষেপের আইনগত বৈধতা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande