
আগরতলা, ৮ জুলাই (হি.স.) : ত্রিপুরার অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনায় সতর্কতা জারি করল ইন্ডিয়ান মেট্রো লজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) -এর আগরতলা কেন্দ্র। আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যের ছয়টি জেলায় কমলা সতর্কতা এবং বাকি দুই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১০ জুলাই পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী রাজ্যের ৬ জেলায় ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল পশ্চিম, খোয়াই ,ধলাই, গোমতী, উত্তর এবং ঊনকোটি জেলা। অপরদিকে সিপাহীজলা জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং বুধবার সেই বৃষ্টিপাত আরও সক্রিয় আকার ধারণ করেছে। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে রাজ্যজুড়ে মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব অসমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই দুই আবহাওয়াজনিত কারণের সম্মিলিত প্রভাবেই রাজ্যের সর্বত্র বৃষ্টি অব্যাহত রয়েছে।
প্রথমদিকে আবহাওয়া দফতর পশ্চিম, খোয়াই, ধলাই এবং গোমতী—এই চারটি জেলাকে কমলা সতর্কতার আওতায় রেখেছিল। তবে বুধবার বিকেলে পরিস্থিতির অবনতি হওয়ায় উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলাকেও কমলা সতর্কতার অন্তর্ভুক্ত করা হয়।
আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার বিকেল থেকে বুধবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত রাজ্যে গড়ে ৮৮.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমে এখন পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৭.৭ মিলিমিটার। টানা বৃষ্টিপাতের প্রভাবে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ২৯.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। একই সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে ৯৮ শতাংশে পৌঁছেছে।
এদিকে, টানা বর্ষণের জেরে রাজ্যের বিভিন্ন জেলার নদ-নদীর জলস্তরও ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। আবহাওয়া দফতর পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে পরবর্তী সময়ে নতুন সতর্কতা জারি করা হতে পারে বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ