
গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : অসম সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগের মন্ত্রী অশোক সিংহল আজ বুধবার জনতা ভবনে তাঁর দফতরের সভাকক্ষে অসম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি, অসম রাজ্য রক্ত সঞ্চালন পরিষদ, খাদ্য সুরক্ষা, ওষুধ নিয়ন্ত্রণ, জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ বিভিন্ন বিষয় নিয়ে এক বিস্তৃত পর্যালোচনা বৈঠক করেছেন।
বৈঠকে প্রতিটি বিভাগের চলমান প্রকল্প, পরিষেবার মান, বিভিন্ন কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জনসাধারণের কাছে আরও উন্নত, স্বচ্ছ ও সময়োপযোগী পরিষেবা পৌঁছে দিতে বিভাগগুলির মধ্যে অধিক সমন্বয় এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন মন্ত্রী সিংহল।
বিশেষ করে তিনি খাদ্য সুরক্ষা বিভাগকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। বাজার, হোটেল-রেস্তরাঁ, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শন, খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা আরও কার্যকর করা এবং খাদ্য সুরক্ষা আইন কঠোরভাবে প্রয়োগের ওপর জোর দেন মন্ত্রী।
এছাড়া ওষুধ নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও সুসংহত করা, রক্ত সঞ্চালন পরিষেবার মান উন্নত করা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আরও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়েও বৈঠকে পর্যালোচনা করা হয়।
মন্ত্রী অশোক সিংহল বলেন, রাজ্যবাসীর জন্য উন্নত, নিরাপদ এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সব বিভাগকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
আজকের পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের কমিশনার-সচিব ড. পি অশোক বাবু, জাতীয় স্বাস্থ্য মিশন (অসম)-এর মিশন ডিরেক্টর ড. লক্ষ্মণন এস, স্বাস্থ্য পরিষেবা বিভাগের অধিকর্তা ডা. উমেশ ফাংচো, অসম রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতির প্রকল্প অধিকর্তা ডা. ইন্দ্রানুচি দাস এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য জ্যেষ্ঠ আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস