রামমন্দির ইস্যুতে দ্বিচারিতার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, সরব কঙ্গনা রানাওয়াত
শিমলা, ৮ জুলাই (হি.স.) : রামমন্দির এবং ধর্মীয় আস্থা নিয়ে কংগ্রেস দ্বিচারিতা করছে বলে অভিযোগ তুললেন হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, যে কংগ্রেস দীর্ঘদিন রামমন্দির নির্মাণের বিরোধিত
রামমন্দির ইস্যুতে দ্বিচারিতার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, সরব কঙ্গনা রানাওয়াত


শিমলা, ৮ জুলাই (হি.স.) : রামমন্দির এবং ধর্মীয় আস্থা নিয়ে কংগ্রেস দ্বিচারিতা করছে বলে অভিযোগ তুললেন হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, যে কংগ্রেস দীর্ঘদিন রামমন্দির নির্মাণের বিরোধিতা করেছে, তারাই এখন রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য ভগবান শ্রীরাম ও রামমন্দিরের নাম ব্যবহার করছে। দেশের মানুষ কংগ্রেসের এই দ্বিমুখী চরিত্র ভালোভাবেই বুঝে গিয়েছে বলেও দাবি করেন তিনি।

কঙ্গনার অভিযোগ, হিমাচল প্রদেশে কংগ্রেস রামমন্দিরকে রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করলেও তাতে সফল হয়নি। তাঁর কথায়, ভগবান শ্রীরাম কোটি কোটি মানুষের বিশ্বাসের প্রতীক এবং অযোধ্যার রামমন্দির শতাব্দীর পর শতাব্দী ধরে চলা আন্দোলন, ত্যাগ ও আত্মবলিদানের ফল। কংগ্রেস বরাবরই তুষ্টিকরণের রাজনীতি করেছে এবং রামমন্দির নির্মাণের পথে বাধা সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন তিনি। এখন মন্দির নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর রাজনৈতিক স্বার্থে একই বিষয়কে সামনে আনা হচ্ছে বলে দাবি বিজেপি সাংসদের।

হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারের বিরুদ্ধেও তোপ দাগেন কঙ্গনা। তাঁর অভিযোগ, রাজ্য সরকার মন্দিরের সম্পত্তি ও তহবিল সরকারি প্রকল্পে ব্যবহার করার চেষ্টা করেছে এবং দেবস্থানগুলির সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। তাই ধর্মীয় আস্থা নিয়ে কংগ্রেসের বক্তব্যকে তিনি ‘রাজনৈতিক সুযোগসন্ধানি’ বলে কটাক্ষ করেন।

কঙ্গনার দাবি, বিজেপি বরাবরই সনাতন সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় বিশ্বাসকে কখনও ভোটব্যাঙ্কের রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সাংস্কৃতিক পরিচয়ের অংশ হিসেবে সম্মান জানিয়েছে বিজেপি।

তিনি আরও বলেন, হিমাচল প্রদেশের মানুষ উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণের রাজনীতি চায়, ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার নয়। রামমন্দিরের মতো পবিত্র বিষয় নিয়ে রাজনীতি না করে নিজেদের সরকারের ব্যর্থতার জবাব দেওয়া উচিত কংগ্রেসের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande