
নন্দীগ্রাম, ৮ জুলাই (হি. স.) : রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হচ্ছে। এবার খোদ নন্দীগ্রামের গ্রাম পঞ্চায়েতও হাতছাড়া হলো শাসকদলের। নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি-১ অঞ্চলে এই রাজনৈতিক রদবদলটি ঘটেছে। এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৫টি। বিগত পঞ্চায়েত নির্বাচনে তার মধ্যে তৃণমূল কংগ্রেস ৮টি এবং বিজেপি ৭টি আসনে জয়লাভ করেছিল। সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা থাকায় তৃণমূলের পক্ষ থেকে প্রধান হয়েছিলেন মৌমিতা মন্ত্রী এবং উপপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন সুনীল বরণ জানা।
সম্প্রতি মৌমিতা মন্ত্রী প্রধান পদ থেকে ইস্তফা দেওয়ার পর সমীকরণ বদলে যায়। এরপর বুধবার খোদামবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা আহ্বান করা হলে সেখানে ভোটাভুটির মাধ্যমে বিজেপির নমিতা কয়াল পাত্র নতুন প্রধান নির্বাচিত হন। এর পাশাপাশি উপপ্রধান পদে নির্বাচিত হয়েছেন বিজেপির শিবকালী ঘোড়াই। এই জয়ের ফলে খোদামবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতটি এখন সম্পূর্ণভাবে বিজেপির দখলে চলে গেল।
হিন্দুস্থান সমাচার / সোনালি