
গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত, কোনও ধরনের এনকাউন্টার বরদাস্ত করা যাবে না, বক্তা বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরী।
আজ বুধবার অসম বিধানসভার চলমান বাজেট অধিবেশনে যোগ দিতে এসে বিরোধী দলনেতা তথা ওয়াজেদ আলি চৌধুরী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এআইইউডিএফ-প্রধান তথা বিধায়ক বদরউদ্দিন আজমল এবং বিধায়ক অখিল গগৈকে তীব্র আক্রমণ করেন। অখিল গগৈকে নিশানা করে চৌধুরী অভিযোগ করেন, তিনি মন্ত্রীদের নজরে থাকতে এবং সংবাদমাধ্যমের শিরোনামে আসার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে বিধানসভায় অপ্রয়োজনীয় মন্তব্য করে অধিবেশনের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করেন।
ওয়াজেদ আলি বলেন, অখিল গগৈ সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সমস্যাগুলি উত্থাপন করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। জনস্বার্থজড়িত বিষয়গুলির পরিবর্তে তিনি রাজনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে বিধানসভায় হইচই করতেই বেশি মনোযোগী।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস