
ধূপগুড়ি, ৮ জুলাই (হি. স.): ব্যাঙ্ক থেকে টাকা তুলতে বেরিয়ে নিখোঁজ হওয়ার একদিনের মধ্যেই এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। মৃতার নাম রঞ্জিতা রায় (২৩)। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরের পর বাড়িতে সাত মাসের শিশুকে রেখে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে ঠাকুর পাঠ সংলগ্ন এলাকায় যান রঞ্জিতা রায়। এরপর থেকেই তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় ধূপগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।বুধবার সকালে বাড়ির পাশের একটি ক্লাবঘরে এক মহিলার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে। পরে মৃতার পরিচয় রঞ্জিতা রায় বলে নিশ্চিত হয় পরিবার।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনও ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়