
নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.) : নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পি. ভি. কুলকার্নি এবং শিবরাজ মোটেগাঁওকরের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আগামী ১১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত।
বুধবার তাঁদের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আরও তিন দিনের জন্য তাঁদের হেফাজত বাড়ানোর নির্দেশ দেয়।
সরকারি এক আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গত ১২ মে এই মামলায় এফআইআর দায়ের করা হয়। পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে।
অভিযোগ, গত ৩ মে নিট পরীক্ষার প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গিয়েছিল। সেই অভিযোগের জেরে পরীক্ষাটি বাতিল করে ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এরপর কেন্দ্র সরকার গোটা ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়।
তদন্তে উঠে এসেছে, মনীষা ওয়াঘমারে প্রথমে ধনঞ্জয় লোখান্ডের হাতে প্রশ্নপত্র তুলে দেন। পরে ধনঞ্জয় সেই প্রশ্নপত্র শুভম খৈরওয়ারের কাছে পৌঁছে দেন। এই মামলায় এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করেছে সিবিআই।
এর আগে, ১৪ মে আদালত পাঁচ অভিযুক্তকে সাত দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন নাসিকের শুভম খৈরনার, জয়পুরের মাঙ্গিলাল বিওয়াল, বিকাশ বিওয়াল, দিনেশ বিওয়াল এবং গুরগাঁওয়ের যশ যাদব। শুভম খৈরনারকে ১৩ মে মুম্বই থেকে গ্রেফতার করা হয়। পরে ট্রানজিট রিমান্ডে তাঁকে দিল্লিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য