
চেন্নাই, ৮ জুলাই (হি.স.): সরকারি স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে বড় পদক্ষেপ নিল তামিলনাড়ু সরকার। বুধবার রাজ্যের ২২টি জেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর হোয়াটসঅ্যাপ চ্যাটবট পরিষেবা ‘নালাম এআই’ চালু করা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ বাড়িতে বসেই সরকারি হাসপাতালে বহির্বিভাগের (ওপি) অগ্রিম বুকিং, রোগী নিবন্ধন, চিকিৎসকের প্রেসক্রিপশন এবং পরীক্ষাগারের রিপোর্ট সংগ্রহ করতে পারবেন। পরিষেবাটির উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা ও জনস্বাস্থ্য মন্ত্রী অরুণরাজ।
উদ্বোধনের পর মন্ত্রী জানান, নির্দিষ্ট নম্বরে হোয়াটসঅ্যাপে “Hi” লিখে পাঠালেই এই পরিষেবা ব্যবহার করা যাবে। চ্যাটবট ধাপে ধাপে প্রয়োজনীয় তথ্য নিয়ে ওপি-র অগ্রিম বুকিং সম্পন্ন করবে। ফলে হাসপাতালে যাওয়ার আগেই রোগীরা নিবন্ধনের কাজ সেরে ফেলতে পারবেন।
প্রাথমিকভাবে পরীক্ষামূলক ভিত্তিতে চেন্নাইয়ের রাজীব গান্ধী সরকারি সাধারণ হাসপাতালের শ্বাসরোগ বিভাগে এই পরিষেবা চালু হয়েছে। পরীক্ষামূলক পর্যায় সফল হলে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালেও এটি সম্প্রসারণ করা হবে।
মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য দফতরের ডিজিটাল রূপান্তর কর্মসূচির অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য সরকারি স্বাস্থ্য পরিষেবাকে আরও দ্রুত, সহজ এবং জনবান্ধব করে তোলা। নতুন ব্যবস্থায় রোগীরা হাসপাতালে না গিয়েই নিবন্ধন ও বহির্বিভাগের অগ্রিম বুকিং করতে পারবেন।
তামিলনাড়ুর সরকারি হাসপাতালগুলিতে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসার জন্য আসেন। ফলে নিবন্ধন ও ওপি টিকিট সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। ‘নালাম এআই’ চ্যাটবট সেই সমস্যার সমাধানেই তৈরি করা হয়েছে। কথোপকথনভিত্তিক এই এআই ব্যবস্থা ব্যবহার করে সাধারণ মানুষ সহজেই বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার সুবিধা নিতে পারবেন।
এই পরিষেবার মাধ্যমে চিকিৎসকের প্রেসক্রিপশন ও পরীক্ষাগারের রিপোর্টও অনলাইনে পাওয়া যাবে। ফলে বারবার হাসপাতালে যাওয়ার প্রয়োজন কমবে, চিকিৎসা পরিষেবা আরও সহজ হবে এবং হাসপাতালের ভিড় কমায় স্বাস্থ্যকর্মীদের ওপরও চাপ হ্রাস পাবে।
রাজ্য সরকারের মতে, ‘নালাম এআই’ ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে রোগীদের সময় বাঁচবে, স্বাস্থ্য পরিষেবার দক্ষতা বাড়বে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন।
সরকার সকলকে এই নতুন ডিজিটাল পরিষেবার সর্বাধিক ব্যবহার করার আহ্বান জানিয়েছে, যাতে প্রযুক্তির মাধ্যমে সরকারি স্বাস্থ্য পরিষেবা আরও সহজ ও কার্যকর হয়ে ওঠে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য