
দুর্গাপুর, ৮ জুলাই (হি. স.) : দুর্গাপুরের গোপালপুর এলাকায় তৃণমূল শ্রমিক সংগঠনের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধারের অভিযোগ ঘিরে বুধবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওই কার্যালয় থেকে বিশ্ববাংলা লোগোযুক্ত প্রায় আড়াইশো সরকারি ত্রিপল, বস্তাভর্তি সরকারি মাছের খাবার এবং ব্লিচিং পাউডার উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি কর্মী-সমর্থকেরা কার্যালয়টি খুলে ভিতরে স্তূপ করে রাখা ত্রিপল ও অন্যান্য সামগ্রী দেখতে পান। এরপর এলাকায় খবর ছড়িয়ে পড়লে বহু মানুষ সেখানে ভিড় জমান। উদ্ধার হওয়া সামগ্রী সরকারি ত্রাণ বা সরকারি প্রকল্পের অংশ কি না এবং কীভাবে সেগুলি দলীয় কার্যালয়ে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।বিজেপির অভিযোগ, কার্যালয়টি তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য শিবদাস মণ্ডলের দখলে ছিল। তাঁদের দাবি, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সামগ্রী সেখানে মজুত রাখা হয়েছিল। পাশাপাশি শিবদাস মণ্ডলের বিরুদ্ধে জমি দখল ও অবৈধ সম্পত্তি গড়ে তোলার অভিযোগও তোলা হয়েছে। বিজেপি নেতা সংগ্রাম মুখোপাধ্যায় ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।তবে এই অভিযোগের বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সমস্ত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়