
মালদা, ৮ জুলাই (হি. স.):-বাংলাদেশে আটকে পড়ার প্রায় এক বছর পর বীরভূম জেলার পাইকর এলাকার একটি পরিবারের আরও চার সদস্য বুধবার মালদার মহদিপুর ভারত–বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ফিরে এলেন। তাঁদের প্রত্যাবর্তনকে ঘিরে পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।পরিবারের দাবি, ২০২৫ সালের ২২ জুন দিল্লির রোহিণী এলাকা থেকে দিল্লি পুলিশ সোনালী বিবির স্বামী দানেশ শেখ, পরিবারের অন্যান্য সদস্য-সহ কয়েকজনকে আটক করে। এরপর ২৫ জুন তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশে পৌঁছানোর পর অনুপ্রবেশের অভিযোগে তাঁদের আটক করা হয় বলে পরিবারের দাবি। পরে তাঁদের ভারতে ফিরিয়ে আনার দাবিতে আদালতের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা।এর আগে ২০২৫ সালের ৫ ডিসেম্বর মালদার মহদিপুর সীমান্ত দিয়ে সোনালী বিবি ও তাঁর এক সন্তান ভারতে ফিরে আসেন। প্রায় সাত মাস পর একই সীমান্ত দিয়ে এবার ভারতে ফিরলেন সোনালী বিবির স্বামী দানেশ শেখ, তাঁর জা সুইটি বিবি এবং সুইটি বিবির দুই সন্তান।সীমান্তে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে গোটা ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়