
নয়াদিল্লি, ৮ জুলাই (হি.স.): কৃষিক্ষেত্রে এল নিনোর প্রভাব পর্যবেক্ষণ করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বুধবার তিনি বলেন, আমরা কৃষিক্ষেত্রে এল নিনোর প্রভাব পর্যবেক্ষণ করছি। গত ৩-৪ দিনে বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের ফলে বৃষ্টি-ঘাটতির সম্মুখীন জেলার সংখ্যা ২৬২ থেকে কমে ১৭৮-এ নেমে এসেছে। ভালো বৃষ্টিপাতের কারণে কিছু জেলায় পরিস্থিতির উন্নতি হয়েছে।
তিনি বলেন, এর ফলে বীজ বোনার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে এবং এখন বপনের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্ষা দেরিতে আসার কারণে অড়হর (তুওর ডাল), সয়াবিন ও তুলো চাষের ওপর কিছুটা বিরূপ প্রভাব পড়েছে। এই বিলম্বের পরিপ্রেক্ষিতে, কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন তাঁরা ওই ফসলগুলোর পরিবর্তে স্বল্পমেয়াদী ফসল—যেমন ভুট্টা, বাজরা এবং মুগ ডাল—চাষের ওপর অগ্রাধিকার দেন। আমি কৃষিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং সচিব-সহ আমাদের দল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আইসিএআর-এর মাধ্যমে আমরা সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য জরুরি পরিকল্পনা প্রস্তুত করেছি এবং সংশ্লিষ্ট জেলাগুলোর সঙ্গে সেই পরিকল্পনা ভাগ করে নিয়েছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ