বিধানসভায় অসম চুক্তি, আলোচনাকালে হট্টগোল, অখিল গগৈকে শেষ সতর্কবার্তা স্পিকারের
গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : রাজ্য বিধানসভায় অসম চুক্তির ওপর আলোচনার সময় নির্দলীয় বিধায়ক অখিল গগৈয়ের আচরণকে কেন্দ্র করে সদনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এক সময় বিধানসভার স্পিকার রঞ্জিতকুমার দাস শেষবারের মতো সতর্ক করেছেন অখিলকে। একাধিক বিধা
বিধানসভা থেকে বের হচ্ছেন নির্দলীয় বিধায়ক অখিল গগৈ


গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : রাজ্য বিধানসভায় অসম চুক্তির ওপর আলোচনার সময় নির্দলীয় বিধায়ক অখিল গগৈয়ের আচরণকে কেন্দ্র করে সদনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এক সময় বিধানসভার স্পিকার রঞ্জিতকুমার দাস শেষবারের মতো সতর্ক করেছেন অখিলকে।

একাধিক বিধায়কের অভিযোগ, অখিল গগৈ প্রথমে সদনের কার্যক্রমে বাধা সৃষ্টি করে হট্টগোল করেন। কিন্তু পরে যাঁর বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানাচ্ছিলেন, সেই মন্ত্রীর সঙ্গেই তাঁকে হাসিমুখে কথাবার্তা বলতে এবং বসে আমোদে-আহ্লাদে থাকতে দেখা যায়।

বিধায়ক জয়ন্তপ্রসাদ দাস কটাক্ষ করে বলেন, অখিল গগৈ বিধানসভার ভেতরে একটি ‘নেক্সাস’ চালাচ্ছেন, তিনি প্রতিবাদ করেন, তা কেবল লোক দেখানো।

এদিকে স্পিকার অখিল গগৈকে নিজের আসনে বসতে নির্দেশ দিলেও তিনি কথা বলা চালিয়ে যান। তখন স্পিকার বলেন, মন্ত্রী অন্য এক বিধায়কের প্রশ্নের উত্তর দিচ্ছেন, তাই এই সময় তাঁর কথা বলা উচিত নয়। এর পরও অখিল কথা বলতে থাকলে স্পিকার মন্তব্য করেন, যদি কোনও বিধায়ক মন্ত্রীর বক্তব্য শুনতে না চান, তা-হলে তিনি সদন ছেড়ে বাইরে যেতে পারেন। তাঁকে আর মন্ত্রীর কথা শুনতে হবে না।

স্পিকারের এই মন্তব্যে অসন্তুষ্ট হয়ে অখিল গগৈ সঙ্গে সঙ্গেই বিধানসভা কক্ষ ত্যাগ করেন। বাইরে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগরে দেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande