ভারী বৃষ্টিতে সুরাটের বস্ত্রশিল্পে বড় ধাক্কা, শতাধিক কোটি টাকার ক্ষতির আশঙ্কা
সুরাট , ৮ জুলাই (হি.স.): প্রবল বর্ষণে জলমগ্ন গুজরাটের সুরাট । শহরের একাধিক এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির জেরে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে সুরাটের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি বস্ত্রশিল্প। প্রধান কাপড়ের বাজারগুলিতে জল ঢুকে বিপুল পরিমাণ শা
ভারী বৃষ্টিতে সুরাটের বস্ত্রশিল্পে বড় ধাক্কা, শতাধিক কোটি টাকার ক্ষতির আশঙ্কা


সুরাট , ৮ জুলাই (হি.স.): প্রবল বর্ষণে জলমগ্ন গুজরাটের সুরাট । শহরের একাধিক এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির জেরে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে সুরাটের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি বস্ত্রশিল্প। প্রধান কাপড়ের বাজারগুলিতে জল ঢুকে বিপুল পরিমাণ শাড়ি ও বস্ত্র নষ্ট হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের শতাধিক কোটি টাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রিং রোড সংলগ্ন প্রায় ১০০টি বস্ত্রবাজার। বাজারগুলির বেসমেন্টে থাকা শত শত দোকানে নোংরা জল ঢুকে পড়ায় সেখানে মজুত বিপুল পরিমাণ শাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

বুধবার ফেডারেশন অব সুরাট ট্রেড অ্যান্ড টেক্সটাইল অ্যাসোসিয়েশন (ফোস্টা)-এর সাধারণ সম্পাদক দিনেশ কাটারিয়া জানান, এ বার সুরাটের ১৫ থেকে ২০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। বৃষ্টি এতটাই প্রবল ছিল যে, ব্যবসায়ীরা বেসমেন্ট থেকে মালপত্র সরানোর সুযোগই পাননি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন খাল উপচে পড়া জল ও নর্দমার নোংরা জল বাজারে ঢুকে পড়ে। সেই জলে শাড়ির রং ও কাপড় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাখি উৎসবকে সামনে রেখে ব্যবসায়ীরা আগেই বিপুল পরিমাণ নতুন শাড়ির মজুত করেছিলেন। অধিকাংশ দোকানেই ২,০০০ থেকে ৫,০০০টি পর্যন্ত শাড়ি ছিল, যার বাজারমূল্য ৫০ লক্ষ থেকে কয়েক কোটি টাকা। উৎসবের মরসুম শুরুর আগেই সেই সমস্ত প্রস্তুতি কার্যত ভেস্তে গেছে।

প্রাথমিক হিসেবে, এই বিপর্যয়ে সুরাটের বস্ত্রশিল্পে সরাসরি ১০০ থেকে ১৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে অনুমান। শুধু শাড়ি নয়, কাপড়ের থান, প্যাকেজিং সামগ্রী, আসবাবপত্রও নষ্ট হয়েছে। বাজারজুড়ে এখনও কাদা ও নোংরা জল জমে রয়েছে।

টেক্সটাইল যুব ব্রিগেড-এর ললিত শর্মা জানান, আপাতত ১০০-১৫০ কোটি টাকার ক্ষতির হিসাব করা হয়েছে। তবে বেসমেন্টের জল পুরোপুরি না নামা পর্যন্ত এবং নতুন করে বৃষ্টি না হওয়া পর্যন্ত প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। যদি ফের ভারী বৃষ্টি হয়, তাহলে ক্ষতির অঙ্ক আরও বাড়তে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande